হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি


মোহাম্মদ হাবীব উল্যাহ্
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে ২ দিনের (১-২ জুলাই) কর্মবিরতি পালন করছে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার প্রথম দিনের কর্মবিরতি পালন করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
হাজীগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের ব্যানারে আয়োজিত কর্মবিরতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের জেলা সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার কর নির্ধারক আবু ইউসুফ। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমবায় অধিদপ্তরসহ স্থানীয় সরকারের আওতাধীন অন্যান্য সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি তহবিল থেকে পেনশনসহ বেতন-ভাতা সুবিধা প্রদান করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত। যার ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
নেতৃবৃন্দ জানান, সংবিধান অনুযায়ী সরকারের ৫টি নির্বাহী বিভাগের মধ্যে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও স্থানীয় সরকারের আওতাধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পায় না। সরকারের এই দ্বৈত নীতি পরিহার করে অবিলম্বে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাজস্ব তহবিল থেকে দেয়ার দাবি জানান তারা। এ সময় পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

২ জুলাই, ২০১৯।