হাজীগঞ্জ পৌর এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতার ব্যাপক কার্যক্রম

মোহাম্মদ হাবীব উল্যাহ্
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকায় ব্যাপকহারে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঈদুল আজহা ও করোনাভাইরাসের বিস্তার রোধ এবং মশক নিধনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক এই কার্যক্রমের তদারকি করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি নিজে উপস্থিত থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, আ.স.ম মাহবুব-উল আলম লিপন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তিনি উন্নয়নমূলক কাজের পাশাপাশি তড়িৎ গতিতে সেবা প্রদানের লক্ষ্যে জলাবদ্ধতা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশুক নিধন কার্যক্রমের প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি নিজে উপস্থিত থেকে পৌরসভাধীন হাট-বাজার, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় উৎসব পালনের স্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তারই ধারাবাহিকতার অংশই হিসেবে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ও করোনাভাইরাসের বিস্তার রোধে হাজীগঞ্জ বাজার, কোরবানির পশুর হাটসহ পৌরসভাধীন বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ফগিং কার্যক্রম জোরদার, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন এবং সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দেন।
এদিকে পৌর মেয়রের প্রত্যক্ষ নির্দেশনা ও তদারকিতে মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযানে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতনমহল ও পৌরবাসী। এছাড়া জলাবদ্ধতামুক্ত হাজীগঞ্জ বাজার উপহার দেয়ায় তারা মেয়রের প্রশংসা করেন। এমন কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান তারা।
এ বিষয়ে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, শুরু থেকেই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল প্রকৃত অর্থে জনগণকে সেবা দেয়া। সে লক্ষ্যে পৌরসভার কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি। আমি মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। তাই নানা সীমাবদ্ধতা ও সমস্যা থাকা সত্ত্বেও পৌরবাসীর সহযোগিতায় সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ্।

২৯ জুলাই, ২০২০।