হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে কোভিড-১৯ (করোনাভাইরাসে আক্রান্ত) রোগিদের সহযোগিতায় আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ
কমপ্লেক্সের উদ্যোগে বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপরে বিনামূল্যে এই অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট’র উপদেষ্টা সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে মোমেনা আক্তার বলেন, মানব সভ্যতার জন্য বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করেনা ভাইরাস) এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান মহামারীতে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশসহ সমগ্র বিশ্ব কঠিন সময় পার করছে। এ কঠিন সময় একে অপরের সহযোগিতায় ইনশাআল্লাহ বৈশি^ক মহামারি থেকে আমরা রক্ষা পাবো।
তিনি বলেন, করোনা সংক্রমণের হার এবং মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের মধ্যে এখনো করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে না। নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণে সবার সচেতন হওয়া উচিত। তবে সরকারের পদক্ষেপের ওপর ভরসা করে থাকলে চলবে না। জনগণকেও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সমাজের বিত্তবান এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সারা বছর কোটি কোটি মানুষকে নামাজের সেবা দেয়ার পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে দেশের যে কোন ক্রান্তিলগ্নে আহমাদ আলী পাওয়ারী ওয়াক্ফ এস্টেট তার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে।
তিনি বলেন, আমার নামাজ আমি পড়বো, কিন্তু আহমাদ আলী পাটওয়ারী সাহেব তার সহায়-সম্পত্তি সব ওয়াকফ করে দিয়েছেন। আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট শত বছর ধরে ধর্মীয় কার্যক্রমসহ ধর্মীয় সকল ক্ষেত্রে নিরবে লাখ লাখ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। বৈশি^ক মহামারি করোনায় আক্রান্ত রোগীদের সেবায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাবে, ইনশাআল্লাহ।
অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা হুমায়ুন কবির পাটওয়ারী, নুরুজ্জামান পাটওয়ার, রহমত উল্যাহ প্রমূখ।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় ১০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে করোনা আক্রান্ত রোগিদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হবে। তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রয়োজনীয় প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে আসতে হবে। যারা অক্সিজেন সেবা নিতে ইচ্ছুক, তারা ০১৭০০-৭৬৫ ০৭০১, ০১৮১৯-১০৫ ৩৯৪, ০১৮৬২- ১৮৬ ৮৭৭ উল্লেখিত মোবাইল ফোন নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান কর্তৃপক্ষ।
০৩ আগস্ট, ২০২১।
