কচুয়া থেকে হাজীগঞ্জের ভ্যান চালকের লাশ উদ্ধার

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার একটি পুকুর থেকে মো. রাছেল হোসেন (৩৫) নামের একজন ভ্যান গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রাছেল হোসেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের ইউসুফের ছেলে। তিনি কচুয়া উপজেলায় বিবাহ করে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন কচুয়া উপজেলার বলরা গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার শ্বশুর বাড়ি ওই উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে।
জানা গেছে, এদিন সকালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার এবং পুকুর পাড়ে থাকা ভ্যান গাড়িটি থানায় নিয়ে আসে। এরপর পরিবারের লোকজন থানায় এসে রাছেল হোসেনের পরিচয় নিশ্চিত করে।
এলাকাবাসী জানায়, রাছেল হোসেন পেশায় একজন রিক্সাচালক। তিনি দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় রিক্সা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্ত কাজ চলমান, পরবর্তীতে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০৫ ডিসেম্বর, ২০২১।