ফরিদগঞ্জে গৃহবধূর সালমা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে গৃহবধূ সালমা হত্যাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে প্রায় দুই হাজার লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি বুলবুল আহমেদ, নিহত গৃহবধূ সালমার চাচা তাজুল ইসলাম, ভাই মাকসুদ আলম, মোক্তার আহমেদ, স্থানীয় বাসিন্দা শাহজাহান বিএসসি, ছাত্রলীগ নেতা নাঈম পাটওয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, নৃশংস এই হত্যাকা-ের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরো বেড়ে যাবে। তাই পুলিশ তাদের তৎপরতা বাড়িয়ে ঘাতকদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। খুনিদের দ্রুত আটক না করলে তারা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
এদিকে এ ঘটনায় আটক গৃহবধূ সালমার শাশুড়ি আলিমুননেছাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমা- আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মো. জাকারিয়া। তিনি জানান, মঙ্গলবার আদালতের কাছে তিনি এই আবেদন জানান।
উল্লেখ্য, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রাম থেকে সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূর হাতের রগ কাটা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
রোববার গভীর রাতে নিহত সালমার বাবা গুপ্টি পশ্চিম ইউনিয়নের মহসিন মিয়া বাদী হয়ে সালমার শাশুড়ি আলিমুননেছা ও প্রবাসী স্বামী মাহফুজুর রহমানকে আসামি করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সালমার শাশুড়ি আলিমুননেছাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।