কচুয়া উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আনোয়ার হোসেন (২৮) নামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গত সোমবার (২৪ মে) রাত ৯টার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত যুবক আনোয়ার হোসেন একই উপজেলার মেঘদাইর গ্রামের ছাদেক আলীর ছেলে ও দৈনিক আমার সংবাদের কচুয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের মেজো ভাই।
নিহতের ছোট ভাই সাংবাদিক সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার আমার মেজো ভাই শ্বশুরবাড়ি পনশাহীতে বেড়াতে যান। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে শ্বশুড়ের জমিতে পানি সেচের লাইন ঠিক আছে কিনা দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মঙ্গলবার সকাল ১০টায় মৃত আনোয়ার হোসেনর নিজ গ্রাম মেঘদাইর মাদ্রাসায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে আনোয়ার হোসেন স্ত্রী ও দুই বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।
২৬ মে, ২০২১।

