মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১৩২০ পিস ইয়াবাসহ আ. রহিম (৪৫) ও সৈকত (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের স্থানীয় কৈয়ারপুল বাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। আটকরা হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আ. রহিম ও সৈকত ওই এলাকায় সবসময় মাদক বিক্রি করে আসছিলো। পরে এলাকাবাসী তাদের নজরে রেখে বুধবার সন্ধ্যায় আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পুলিশ হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সামনে পুলিশ তাদের তল্লাশি করে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর জানান, ১৩২০ পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে মাদক ব্যবসায়ীর পক্ষে বেশ কয়েকজন এসে এলাকাবাসীর উপর হামলা করার চেষ্টা করে। পরে এলাকাবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ জানান, আটকদের কাছ থেকে ১৩২০পিস ইয়াবা উদ্ধার এবং তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামিকাল (আজ বৃহস্পতিবার) তাদের আদালতে প্রেরণ করা হবে।
