ফলোআপ
আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পিইসি পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল বুধবার বিজ্ঞান পরীক্ষার দিনে ওই কেন্দ্রে ৮ শ’ ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
ওইদিন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, কেন্দ্র সচিব মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর সর্দার, হল সুপার, দরবেশগঞ্জ সপ্রাবি’র প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, সহকারী হল সুপার আনম নাসির উদ্দিন ৩নং কক্ষে হল পর্যবেক্ষক ছিলেন শামছুননাহার ও তাপসী রানী।
পরীক্ষা শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেকুর রহমান জানান, নকলমুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে বিজ্ঞান পরীক্ষা সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল দিয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় জেলা শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, কেন্দ্র সচিব আবুল খায়ের বিএসসি, হল সুপার ও সহকারী হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এছাড়া ৩নং কক্ষের দায়িত্বে থাকা ২ শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
