কচুয়ায় কুমিল্লা অঞ্চলের বিদ্যালয় পরিদর্শকের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

আহসান হাবীব সুমন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন বলেছেন, অনলাইন শিক্ষা কার্যক্রমে কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ অনুকরণীয়। বৈশ্বিক পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ২৭ মার্চ থেকে এ বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে অনলাইনে প্রতিটি ক্লাশের শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ, শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেয়া ও মূল্যায়ন, শৌচাগার, স্যানিটেশন ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন শেষে শনিবার (২৮ নভেম্বর) সন্তোষ প্রকাশ করে উপরোক্ত কথা বলেন।
তিনি সব বিদ্যালয়ের প্রধানদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ, শিক্ষক ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে সভা, মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দেশনা এবং এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার পরমর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে অবশ্য মাস্ক ব্যবহার করতে হবে।
একই দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন রগুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, রগুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়েরসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
২৯ নভেম্বর, ২০২০।