কচুয়ায় ফিল্মি স্টাইলে পিকআপ ভ্যানের চালকের উপর হামলায় আহত ৪

আহসান হাবীব সুমন
কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিকআপ ভ্যান চলন্ত অবস্থায় চালকের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজনরা। এতে পিকআপ ভ্যানের চালক সালাম (৩২), তার সাথে থাকা পাবেল (২০) ও তাদের উদ্ধার করতে এগিয়ে আসা শাহআলমসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা কুমিল্লা হাসাপাতাল চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে সালামের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। গত ১৫ জুলাই উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি উজানী গ্রামের মৃত আ. মুমিনের ছেলে পিকআপ ভ্যান চালক সালামের সাথে মাটি ভরাট করার টাকা লেন-দেন নিয়ে পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার চাদসার গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে ইমানের সাথে তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনার উপজেলার ইমান সুকৌশলে ১৫ জুলাই কচুয়া উপজেলার বাখৈয়া গ্রামের মান্নানের ছেলে ফয়সালকে দিয়ে উজানী গ্রামের সালামের পিকআপ ভ্যান ভাড়া করে। ঘটনার দিন সালাম পিকআপ ভ্যান নিয়ে ভাড়ার শর্তানুযায়ী গন্তব্যের উদ্দেশে রওয়ানা হলে চান্দিনা উপজেলার দেওকামতা নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ইমানের নেতৃত্বে তার সাথে একই এলাকার মাহফুজ, জাহিদ, মহিন, শরীফ, মামুন, রকিব, আলামিন, আপনসহ সবাই চলন্ত পিকআপ ভ্যানে দেশীয় অস্ত্র নিয়ে লাফিয়ে উঠে।
এসময় চালক সালামের উপর এলোপাথারি মারধর ও গাড়ি ভাঙচুর শুরু করে। সালাম তাদের এই ফিল্মি স্টাইলের মারধর দেখে দিশেহারা হয়ে জীবন বাঁচানোর জন্য পিকআপ ভ্যানটি নিয়ে উজানী শিকারীবাড়ী ভিতরে নিয়ে এসে বাঁচাও বলে ডাক-চিৎকার শুরু করে। তার ডাক-চিৎকারে শিকারী বাড়ির শাহআলমসহ কয়েকজন স্থানীয়রা উদ্ধার করতে আসলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে।
পরে ওই বাড়ির বাসিন্দা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মাস্টার তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতার বাড়িসহ আশ-পাশের বাড়ি-ঘর দেশীয় অস্ত্র দিয়ে ভাংচুর করে। এসময় সালামের পিকআপ ভ্যান ভাংচুর, ও পিকআপের বক্সে থাকা কোরবানির গরু কেনার ৫০ হাজার টাকা ও তার ব্যবহৃত স্যামসং কোম্পানীর নোট-৫ মোবাইলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ইমান ও তার সঙ্গীরা।
পিকআপ ভ্যান চালক সালাম ঢাকা মেডিকেল হাসাপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে বাদী হয়ে অভিযুক্তদের বিবাদী করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।
২৬ জুলাই, ২০২০।