কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় হতাহত ৪

কচুয়া ব্যুরো
কচুয়ায় দেড় মাস না ফেরাতেই আবারো বিআরটিসি বাসের ধাক্কায় সজীব (২০) ও আতিক (১৫) নামের ট্রাক্টরের দুই হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় চালক মেহেদী হাসান ও ট্রাক্টরের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপির দিঘীরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক।
ট্রাক্টর চালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে যাওয়ার পথে শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বিআরসিটি বাস আমাদের ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাক্টরটি পার্শ^বর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক নিহত হয়। আমি ও ট্রাকের মালিক ফুল মিয়া গুরুতর আহত হই। স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এ সড়কে বিআরটিসি বাস চলার যোগ্য না। আমরা ৪ লাইন বিশিষ্ট রাস্তা নির্মাণের দাবি করছি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাস চালককে আটক করা যায়নি।
এদিকে নিহতদের বাড়িতে শোকের মাতম বইছে। এলাকাবাসী কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রæত ৪ লাইন করার জোর দাবি জানিয়েছেন।

১১ জানুয়ারি, ২০২২।