কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা-২ শাখা থেকে উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
ঐ চিঠিতে বলা হয়েছে, গত ১৯ জুলাই কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ পরিদর্শনে যান। ঠিকাদার নির্মাণকাজ ঠিকমতো তথা পাথরের গুণগতমান নিয়ে আপত্তির কারণে পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী মো. নূর আলমকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ঘুষি, চর ও থাপ্পড় মারেন এবং বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এমতাবস্থায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধন আইন ২০১১) এর ১৩ ধারা অনুসারে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সেই সাথে কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
উল্লেখ্য, কচুয়ায় শিক্ষা প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে ২০ জুলাই মামলা দায়ের করা হয়। কচুয়া থানায় এ মামলা দায়ের করেন হামলার শিকার প্রকৌশলী। এদিকে দ্রুত আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং বিচার না হলে সারাদেশের শিক্ষা প্রকৌশলী বিভাগের প্রকৌশলীরা কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার নূর আলম।
২৪ জুলাই, ২০২০।

