মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২১ জুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বাতিল করেছে উপজেলা আওয়ামী লীগ। লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
সাংবাদিকদের দেয়া লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলী আক্কাস বাদল কোন রুপ দলীয় কার্যক্রমে না থাকায় উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা বাস্তবায়ন, সম্মেলনসহ সব কার্যক্রমে অনুপস্থিত থাকায়, সংগঠনের সম্মেলন সফল করার লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হল। সেই সাথে আগামি ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করার জন্য প্রস্তুতি কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক- আবদুর শুক্কুর মৃধা, সদস্য আমান উল্লাহ প্রধান, আবু বক্কর সরকার, সাখাওয়াত হোসেন মল্লিক ও সদস্য সচিব মো. মুকবিল হোসেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান সমন্বয়ক হিসেবে সম্মেলনের ব্যাপারে যোগাযোগ ও দায়িত্ব পালন করবেন।
