লবণ নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
…………মো. মাজেদুর রহমান খান
শাহ আলম খান
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, লবণ নিয়ে বাজারে এক ধরনের চক্র গুজব ছড়াচ্ছে। এ গুজবের কারণে ব্যবসায়ীরা প্রচুর বিক্রি করে তাদের দোকান খালি করে দিচ্ছে। এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তারা ব্যবসায়ী হতে পারে, নাও হতে পারে। এ কারণে একটি অসাধু মহলের পকেট ভারি হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধ করার লক্ষ্যে সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, এ ধরনের গুজব হবে বলে আমরা ধারণা করেছিলাম। গুজব ছড়ানোর পরে আমি মার্কেটে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেকেই ব্যাগ ভর্তি করে লবণ ক্রয় করছেন। তাদের অতিরিক্ত লবণ ক্রয় করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এলোমেলো জবাব দেন। এ ধরনের গুজব বাংলাদেশে বহু হয়েছে, কিন্তু কোন কাজে আসেনি। এর মাধ্যমে কেউ জিতেছে, আবার কেউ হেরেছে। গুজবের মাধ্যমে যাতে কেউ ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যখন কোন পণ্য অস্বাভাবিক বিক্রি শুরু হয়, তখন আপনাদেরও বিষয়টি অনুধাবন করতে হবে। কেন বেশি বিক্রি হচ্ছে। তখন আপনাদের নাগরিক হিসেবেও যে দায়িত্ব রয়েছে, তা পালন করবেন।
জেলা প্রশাসক বলেন, সব বিষয় কি প্রধানমন্ত্রী’ই দেখবেন। দেশের প্রতি আমাদের কি কোন দায়িত্ব নেই। যে গুজব ছড়াবে প্রশাসন তাকে ছাড় দিবে না। সে যেই হোক। প্রশাসন এ বিষয়গুলো সব সময়ই মনিটরিং করবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালন করবো এবং গুজব থেকে সতর্ক থাকবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, সাংবাদিক ফারুক আহম্মেদ, কে এম মাসুদ, তালহা জুবায়ের, শাওন পাটওয়ারী প্রমুখ।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি কাশেম গাজী ও লবণ মিলস্ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাতসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
