ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাল টাকাসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- ফাতেমা বেগম (৩০), শিল্পী বেগম (৩৫) ও তাছলিমা বেগম (২৭)। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও থানা সূত্র জানায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের বিভিন্ন দোকান থেকে আটক ৩ নারী জাল টাকা দিয়ে মালামাল ক্রয় করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে তাদের ইছাপুরা এলাকা থেকে আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে এএসআই ইলিয়াছ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৪টি জাল নোট উদ্ধার করা হয়।
আটক ফাতেমা ও শিল্পীর বাড়ি উপজেলার চরপোয়া গ্রামে এবং তাছলিমার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামদাসদী এলাকায়। পুলিশের ধারণা এরা পেশাদার জাল টাকার ব্যবসায়ী।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম জানান, জাল টাকাসহ আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
