
ফরিদগঞ্জে হাইজিন প্যাক বিতরণ অনুষ্ঠানে মাঈনুল হাসান
নবী নোমান
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৩টি মাধ্যমিক প্রতিষ্ঠান ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে হাইজিন প্যাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রীর বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈনুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলজিএসপি-৩ এর আওতায় হাইজিন প্যাক, ক্রীড়া সামগ্রী ও হারমোননিয়াম বিতরণ করার একটি প্রধান উদ্দেশ্য হলো সচেতনতা সৃষ্টি করা। হাইজিন প্যাক প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রীদের বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য বিষয়ক সচেতন করে তোলার প্রচেষ্টার অংশ।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে আমাদের নিজেদের বিশেষ করে জনপ্রতিনিধি, শিক্ষক অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা চাই না নুসরাতের মতো আর কোন ঘটনা ঘটুক। যারা এসব কর্মকা-োর সাথে জড়িত তাদের বিষয়ে আমরা সতর্ক। এ ধরনের কোন ঘটনা বা কোন নিপীড়ন বা নির্যাতনের ঘটনার কথা জানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার নৈরাজ্যতা বা এর সাথে সংশ্লিষ্টদের অপকর্ম কোন প্রকার সহ্য করা হবে না। কাউকে কোন ছাড় দেয়া হবে না। এসময় তিনি প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন।
ইউপি সদস্য জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, এলজিএসপি সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে হাইজিন প্যাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে হারমনোনিয়াম ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
