মনিরুল ইসলাম মনির
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার দুঃস্থ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে ৩শ’ ১৩ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯ লাখ ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষের সভাপতিত্বে ও পিআইও বেলাল হোসেন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, এক সাথে ৩শ’ ১৩ বান্ডেল ঢেউটিন অন্য কোন কোন উপজেলায় বিতরণ করা হয়েছে কিনা আমার জানা নেই। আওয়ামী লীগ সরকার আমলে কোন লোক গৃহহীন থাকবে না। এ জন্যই শেখ হাসিনা সরকার প্রত্যেক গৃহহীনের মাঝে আশ্রয়ন প্রকল্প, জমি আছে ঘর নেই প্রকল্প, ভূমিহীনদের জন্য ঘরের ব্যবস্থা করে মাথা গোজার ঠাঁই করে দিচ্ছে।
তিনি আরো বলেন, কোনো মানুষ বলেনি যে, আমার জমি আছে, ঘর নাই। এ উদ্যোগ প্রধানমন্ত্রী নিজের চিন্তা-ভাবনা থেকে গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের দুঃখ লাঘবে যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছেন। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে কমিউনিটি ক্লিনিক করা হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, শিক্ষা খাতে পরিবর্তন হয়েছে, বিদ্যুতের কমতি নেই।
মনজুর আহমদ বলেন, মানুষ দাবি করার আগেই সকল আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটছে। গরিবের টাকার যেনো সৎ ব্যবহার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আপনাদের মতলব উত্তর ও মতলব দক্ষিণের মানুষকে বিচার বিবেচনা করে আগামি নির্বাচনে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে ধরে রাখতে হবে।

