
বাইপাস বা ফ্লাইওভার নির্মাণে প্রস্তাবনা দেয়া হয়েছে
……………মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ বাজারে স্থাপিত ক্লোজসার্কিট ক্যামেরার (সিসিটিভি) উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল মঙ্গলবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থাপিত এ সিসিটিভির উদ্বোধন করেন তিনি।
ব্যবসায়ী সমিতির আয়োজনে এবং ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, দেশের উপজেলাগুলোর মধ্যে অন্যতম সমৃদ্ধ ও নিরাপদ এবং কেনাকাটার নির্ভরযোগ্য স্থান হচ্ছে হাজীগঞ্জ বাজার। এ বাজারের উন্নয়নে হাজীগঞ্জ সেতু, মিঠানিয়া ব্রিজ এবং ডাকাতিয়া নদীর উপর হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু নির্মাণ করেছি। এ ছাড়া ব্যবসায়ীদের কথা চিন্তা করে রামগঞ্জ সেতুর টোল প্রত্যাহার করা হয়েছে।
ব্যবসায়ী সমিতির উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সিসিটিভি স্থাপনের মাধ্যমে হাজীগঞ্জ বাজার আরো বেশি নিরাপত্তাময়, নিরাপদ এবং ব্যবসায়ীদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। ব্যবসায়ী সমিতির পাশাপাশি এ সিসিটিভি পর্যবেক্ষণে থানার মনিটরিং প্রয়োজন বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি, তিনি তাই দিয়েছেন। যার ফলে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অসমাপ্ত কাজগুলো শেষ করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজীগঞ্জ বাজারের উন্নয়নে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণে একটি লিখিত প্রস্তাবনা দিয়েছি।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া।
সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসাইনের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মেদ খসরু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃবৃন্দ।
